প্রকাশকালঃ
বুধবার, ৮ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
সরকার পতনের ডাক অরাজনৈতিক সংগঠন দিতে পারে না
হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকেরা পৃথক কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেছেন, হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক বলে দাবি করছে। কিন্তু সরকার পতনের ডাক অরাজনৈতিক সংগঠন দিতে পারে না বলে মত প্রকাশ করেন বক্তারা।
মুক্তিযোদ্ধাদের সমাবেশ: হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের নৈরাজ্য এবং কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা এ প্রতিবাদ জানান।
মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, কোরআন শরিফ পোড়ানোর অপরাধে হেফাজতে ইসলামকে ক্ষমা চাইতে হবে। তারা নিজেদের অরাজনৈতিক দাবি করেও সরকার পতনের ডাক দিচ্ছে। মুক্তিযোদ্ধারা এটা হতে দেবে না।
আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ) মো. মনিরুল হক, যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন ও সফিকুল বাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
