Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

যমুনা রিসোর্টে খালেদা জিয়া

Posted by Unknown | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in ,

নিজেস্ব প্রতিবেদক: জামালপুরের উদ্দেশে গাড়িবহরসহ ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। শুক্রবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে তিনি ঢাকা থেকে রওয়ানা দেন। বর্তমানে তিনি টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টে অবস্থান করছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি রিসোর্টে প্রবেশ করেন। 

চেয়ারপারসনের গাড়িবহরে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। সফরসঙ্গী রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল। 

এখানে রাতযাপন শেষে শনিবার সকাল বেলা ১১টায় তিনি জামালপুরের উদ্দেশে পুনরায় রওয়ানা দেবেন। জামালপুর সার্কিট হাউজে বিশ্রাম শেষে বেলা ৩টায় তিনি জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন।

পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজ ডেস্ক: আগামীকাল ২৭ সেপ্টেম্বর শনিবার বিশ্ব 'পর্যটন দিবস'। স্থানীয় জনগোষ্ঠির উন্নয়নে পর্যটন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হবে। দিবসটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণী দিয়েছেন। বানীত তিনি বিশ্বসভায় দেশের পর্যটন শিল্পকে তুলে ধরার আহবান জানিয়ে বলেছেন। স্থানীয় কৃষ্টি, ঐতিহ্য ও মূল্যবোধকে সমুন্নত রেখে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে এক সাথে কাজ করতে হবে।


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে আরো বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস পালিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এবছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন’ বৈশ্বিক প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

পর্যটন দিবসের সাফল্য কামনা করে তিনি বলেন, পর্যটন শিল্পের বহুমাত্রিকতা ও ব্যাপ্তির কারণে বিশ্বে গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পর্যটনের সাথে এলাকার সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। পর্যটকরা দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি এলাকার জীবনযাত্রা, লোকাচার ইত্যাদি বিষয়ে পরিচিত হতে চায়। ফলে পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকা-। তাই স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে থাকে।

তিনি বলেন, এবারের প্রতিপাদ্য জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগসহ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় অংশীদারিত্ব নিশ্চিত করা সম্ভব। সূত্রঃ বাসস।

আগামীকাল বিশ্ব পর্যটন দিবস

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: আগামীকাল ২৭ সেপ্টেম্বর শনিবার বিশ্ব 'পর্যটন দিবস'। স্থানীয় জনগোষ্ঠির উন্নয়নে পর্যটন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হবে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর বাণীতে সংশ্লিষ্ট সবাইকে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পর্যটন কর্মকান্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে তাঁর সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদকে বহিষ্কার

Posted by Unknown | | Posted in ,

বি২৪ নিউজ ডেস্ক: ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদ প্রধানকে বহিষ্কার করেছে দলটি। আজ শুক্রবার সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধান দীর্ঘদিন ধরে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন পবিত্র হজ পালনে সৌদি আরবে থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে তিনি ২০ দলীয় জোট থেকে বের হয়ে নতুন জোট গঠন করার চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এজন্য দলের মহাসচিব পদসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। 

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের বিজ্ঞানী

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পুরস্কার 'আউট স্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' পেয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানী মির্জা মোফাজ্জল ইসলাম।

বেসরকারি বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মির্জা মোফাজ্জল ইসলামের পক্ষে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানোর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিৎ হবে না: ওবায়দুল কাদের

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সেনাবাহিনীকে বিতর্কিত করা আমাদের কারও উচিৎ হবে না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণমাধ্যমের সমালোচনা আমাদের শুদ্ধি করে। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশের কাজে সেনাবাহিনী জড়িত। কাজেই সেনাবাহিনীকে বিতর্কিত করা আমাদের কারও উচিৎ হবে না। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের মাওনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে রাস্তা খারাপ হতে পারে। কিন্তু বৃষ্টিও হবে রাস্তার সংস্কার কাজও চলবে। আসন্ন ঈদে কোরবানির পশুবাহী গাড়ি যাতায়াতে যাতে চাঁদাবাজি না হয়, অতিরিক্ত ভাড়া আদায় না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানে আছে সরকার বলেও জানান তিনি।

শনিবার থেকে আবার উড়বে ইউনাইটেড এয়ারওয়েজ

Posted by Unknown | | Posted in


নিজেস্ব প্রতিবেদক:
শনিবার থেকে আবার সকল ফ্লাইট চালু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের। সেইসাথে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে পুনরায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ৬ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ। 
উল্লেখ্য, গত সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পর এয়ারলাইন্সে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়।  অর্থ সংকটের কারণে জ্বালানি কিনতে না পারায় একপর্যায়ে বৃহস্পতিবার থেকে এয়ারলাইন্সের সব ধরনের উড়ান বন্ধ হয়ে যায়। এতে দেশে বিদেশে অনেক যাত্রী চরম দুর্ভোগে পড়র।

মুন্সিগঞ্জে যুবলীগ নেতা খুন

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রফিকুল ইসলাম রফিক (৩২) লৌহজং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার কাজির পাগলা এলাকায়।

লৌহজং থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার সকালে কাজির পাগলা এলাকার একটি চিতাখোলার পাশে ধঞ্চে ক্ষেতে রফিকের হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। তার পায়ের রগও কাটা ছিল।

নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ঢাকার ইসলামপুরে যাওয়ার সময় বাড়ির কাছে কাজির পাগলা কাদের সড়ক থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ক্রিকেট

Posted by Unknown | | Posted in



স্পোর্টস ডেস্ক: ফুটবল, টেনিসের পরে অন্যতম জনপ্রিয়ো একটি খেলা ক্রিকেট। মাঠের ক্রিকেট থেকে শুরু করে বিচ ক্রিকেট পর্যন্ত সব জায়গায় ক্রিকেটের জয়গান। আর পর্বতশৃঙ্গের উপরে ক্রিকেট খেলে এই জয়গানকে আরেকটু মাত্রা দিলো আন্তর্জাতিক ক্রিকেটারদের একটি দল। আফ্রিকার কিলিমানজারোতে শীর্ষ পর্বতশৃঙ্গে ক্রিকেট খেলার মাধ্যমে রেকর্ড সৃষ্টি করেছেন দলটি। এটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ স্থানে ক্রিকেট ম্যাচ খেলার বিরল এক দৃষ্টান্ত। 

কিংবদন্তী ইংলিশ বোলার এ্যাশলে জাইলস, দক্ষিণ আফ্রিকার আইকন ও প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট ক্রিকেটার মাখায়া এনটিনি সহ একদল ক্রিকেটার শুক্রবার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহন করার পর দুই দলে বিভক্ত হয়ে টি-২০ ক্রিকেটে অংশ নেয়। যদিও কালো ঘন মেঘ এসে ম্যাচটিতে বিঘ্ন ঘটায়। মেঘের কারণে ম্যাচটি পরিণত হয় ১০ ওভারে। 
এএফপির একজন সাংবাদিক বলেন, ম্যাচের স্থানটি ছিল সমতল ভু-পৃষ্ঠ থেকে ৫হাজার ৭৩০ মিটার( ১৮৯১০ ফুট) উপরে। এটি ৫হাজার ৮৯৫ মিটার উচ্চতায় কিলিমানজারো পর্বতমালায় অবস্থিত।

এর আগে সর্বোচ্চ স্থানে ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড সৃষ্টি হয়েছিল ২০০৯ সালে। নেপালের হিমালয় পর্বত চুড়ার ৫ হাজার ১৬৫ মিটার উচ্চতায় বেজ ক্যাম্পে ম্যাচ আয়োজন করে রেকর্ডটি গড়া হয়েছিল। 

শূন্য রানে আউট হয়ে যাওয়া ম্যাচে অংশগ্রহণকারী ২২ বছর বয়সী ক্রিকেট অনুরাগী স্টিভেন স্মিথ বলেন, ‘অসাধারণ মজা হয়েছে। যদিও আমি দীর্ঘক্ষণ খেলতে পারিনি। তারপরও আমরা দারুণভাবে ম্যাচটি উপভোগ করেছি। এখানে নিশ্বাস নেয়া ও দৌড়ানো বেশ কঠিন ছিল। তারপরও জীবনে এমন সুন্দর মুহূর্ত একবারই পাওয়া যায়।’ 

চুড়ান্ত স্কোর কার্ডে ‘গেরিলা’ দল ৫ উইকেটে ৮২ রান করে জয়লাভ করে। দলটির নেতৃত্বে ছিলেন ইংল্যান্ড নারী দলের সহ-অধিনায়ক হেদার নাইট। এর আগে এ্যাশলে জাইলসের নেতৃত্বাধীন ‘রিনোস’ দল নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে।

ম্যাচ জয়ের পর নাইট বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘উইকেটে দৌড়ে রান করাটা বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। তবে জাইলসকে সহজেই আউট করা গেছে। যে কারণে আমরা ম্যাচে জয় পেয়েছি। সুউচ্চ এই পর্বতশৃঙ্গে খেলায় অংশগ্রহণ করার অনুভূতিই অন্যরকম। বিশেষ করে সেটি যদি হয় রেকর্ড ব্রেকিং।’

ম্যাচে সর্বোচ্চ ২০ রান করে সংগ্রহ করেছেন হেদার নাইট ও ক্রিকেট বিষয়ক ম্যগাজিন অল আউট ক্রিকেটের সম্পাদক ফিল ওয়াকার।

ডুবচরে ফেরি আটকা, দীর্ঘ যানজটের সৃষ্টি

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: মেঘনার  ডুবোচরে লক্ষ্মীপুর থেকে ভোলা আসার পথে ১৪টি যানবাহন নিয়ে একটি ফেরি আটকে গেছে। শুক্রবার ভোরে কনকচাঁপা নামের ফেরিটি আটকে যায়। সারাদিনেও ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের ম্যানেজার (বাণিজ্য) আবু আলম হাওলাদার জানান, শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ২টি বাস, ১০টি মালবাহী ট্রাক ও ২টি পিক্যাপ ভ্যান নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয় কনকচাঁপা।

এর একঘণ্টা পর ভোর ৫টার দিকে নদীতে পানি কম থাকায় ভোলার সীমানায় মেঘনার বঙ্গের চরে ফেরিটি আটকা পড়ে।

হিলি সীমান্তে বিএসএফের কারফিউ জারি

Posted by Unknown | | Posted in ,


স্থানীয় প্রতিনিধি: হিলি সীমান্তে বিএসএফের কারফিউ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই কারফিউ চলবে। ভারতে অনুপ্রবেশ ও জঙ্গি হামলা ঠেকাতে হিলি সীমান্তে কারফিউ জারি করা হয়েছে।

আজ শুক্রবার বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং সীমান্তে কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফ সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ব্যবস্থাও জোরদার করেছে। তবে কত দিনের জন্য এই কারফিউ বলবত থাকবে তা বিজিবির কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।

জানা গেছে, সম্প্রতি ভারতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা তাদের কার্যক্রম পরিচালনার জন্য সেদেশে শাখা খোলার ঘোষণা দেওয়ায় এবং অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় বিএসএফ সীমান্তে এ ব্যবস্থা নিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৩০কি.মি. যানজট

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০কি.মি. এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি ও চান্দিনায় এলাকায় এ যানজট সৃষ্টি হয়েছে।

মাত্রাতিরিক্ত গাড়ির চাপের কারণে আজ শুক্রবার থাকা সত্তেও মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে।যানজটের কারণে মহাসড়কজুড়ে আটকা পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। যাত্রীদের এক ঘণ্টার পথ যেতে সময় লেগেছে ৩-৪ ঘণ্টা। বিশেষ করে ছোট শিশু, ভারী মালপত্র, ব্যাগ ও অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে যাত্রীরা পড়েন চরম বিপাকে। 

এদিকে আসন্ন ঊদকে কেন্দ্র করে ট্রাকবোঝাই কোরবানির পশু নিয়ে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। গরু ব্যবসায়ীরা জানান, সঠিক সময়ে গরু নিয়ে পৌঁছতে না পারলে গরুর বেশি খাবারের প্রয়োজন হয়। এ ছাড়াও একইস্থানে আটকা পড়ে থাকলে প্রচণ্ড রোদে গরু অসুস্থ হয়ে পড়ে।

জামালপুরের পথে খালেদা জিয়া

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের উদ্দেশে গাড়িবহরসহ ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। শুক্রবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে তিনি ঢাকা থেকে রওয়ানা দেন।

চেয়ারপারসনের গাড়িবহরে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। সফরসঙ্গী রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

খালেদা জিয়া ঢাকা থেকে টঙ্গি, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, টাঙ্গাইল সদর হয়ে কালিহাতি উপজেলার এলেঙ্গায় অবস্থিত যমুনা রিসোর্টে যাত্রাবিরতি দেবেন। এখানে রাতযাপন শেষে শনিবার সকাল বেলা ১১টায় তিনি জামালপুরের উদ্দেশে পুনরায় রওয়ানা দেবেন।

জামালপুর সার্কিট হাউজে বিশ্রাম শেষে বেলা ৩টায় তিনি জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন।

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ক্রিমিনাল

Posted by Unknown | | Posted in

আবেদনময়ী ক্রিমিনাল
অনলাইন ডেস্ক: সাধারনত আমরা আবেদনময়ী নারী বা পুরুষের কথা শুনেছি, কিন্তু আজ জানবো এক আবেদনময়ী অপরাধী নারীর কথা। বর্তমানে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অপরাধী স্টেফানি বেয়াউদোইন। বিভিন্ন অপরাধে সে জেল খেটেছে বহুবার। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপরাধে ১১৪টি অভিযোগ। এজন্য তাকে বিভিন্ন মিডিয়া বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।

কানাডার ভিক্টোরিয়াভিলে এলাকায় ৪২টি ঘরের দরজা ও বেজমেন্ট ভেঙে অনৈতিকভাবে প্রবেশের অভিযোগে গত মাসে গ্রেপ্তার হয়েছিল স্টেফানি। এ ঘটনাই তাকে বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম বানিয়ে দেয়।

গ্রেপ্তারের পরপর মন্ট্রিয়ল জার্নালে তার একটি বিকিনি পরা ছবি ছাপা হয়। ওই ছবিটি অত্যন্ত আকর্ষণীয় ও আবেদনময়ী। ছাপা হওয়ার পরই তা লুফে নেয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। দ্রুত  সে পরিচিতি পায় ‘ওয়ার্ল্ডস সেক্সিয়েস্ট ক্রিমিনাল’ বা ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অপরাধী’ নামে!

কানাডিয়ান কর্তৃপক্ষ মনে করে, অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায়ই আথাবাস্কা ও ম্যাপল এলাকায় বিভিন্ন বাসায় চুরি করে স্টেফানি। গত সপ্তাহে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আনা হয়। মোট ১১৪টি অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে! এর মধ্যে অন্যতম ঘর ভাঙা ও প্রবেশ করা, চুরি করা জিনিস গ্রহণ করা, অবৈধভাবে ৯টি অস্ত্র রাখা। অস্ত্রগুলো তার মিতসুবিশি ল্যান্সার গাড়িটির পেছনে পাওয়া গেছে।

তার আইনজীবী ডেনিস ল্যাভিগনে বলেছেন, রেকর্ড রীতিমতো মুগ্ধ করার মতো। আমাকে তার মামলার যেসব নথিপত্র দেয়া হয়েছে, সেগুলো প্রায় ১২ ইঞ্চি পুরু! ল্যাভিগনে জানিয়েছেন, তার মক্কেল স্টেফানি নিজের মানসিক সমস্যা চিহ্নিত করতে ডাক্তারের শরণাপন্ন হয়েছে।

তার ছবি অনলাইনে প্রকাশিত হওয়ার পর টুইটার ইউজাররা তাকে আখ্যায়িত করছে ‘নিউয়েস্ট ওয়ার্ল্ডস সেক্সিয়েস্ট ক্রিমিনাল’ নামে। একজন টুইটার ইউজারের মন্তব্য, স্টেফানি আগে তোমার হৃদয় চুরি করবে, এরপর জিনিসপত্র।

মঙ্গলগ্রহেও ট্রাফিক সিগন্যাল !!

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্ক: আমরা চলার পথে বিভিন্ন রাস্তায় ট্রাফিক সিগন্যাল দেখে থাকি কিন্তু মঙ্গলগ্রহে ট্রাফিক সিগন্যাল এটা কিভাবে সম্ভব। তাহলে কি পৃথিবীর মত মঙ্গলগ্রহেও কি ট্রাফিক জ্যাম হয়। আমাদের ধারণা যাই হোক না কেন, নাসার কিউরিওসিটি মার্স রোভারের পাঠানো একটি ছবিতে কিন্তু তাই মনে হচ্ছে। মঙ্গলগ্রহে এ ট্রাফিক সিগন্যালের বিষয়টি প্রথমে এক ব্রিটিশ কৌতূহলীর নজরে পড়ে। 

জোসেফ হোয়াইট নামের ঐ কৌতূহলী ব্রিটিশ নাগরিক বলেন, আমি নিয়মিত নাসার ওয়েবসাইটের সব ছবি দেখি। এ ছবিটি দেখে আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। এটি দেখতে পুরো ট্রাফিক সিগন্যালের মত। তবে এই বিষয়ে এখনও নাসার কোনও বক্তব্য পাওয়া যায়নি।  

উল্লেখ্য, এটি অন্য সব পাথরের মত একটি পাথরে টুকরোই হবে বলে সবার ধারণা। 

মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আমাকে দুদকে আসতে হয়েছে: অলি

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্ক: মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদকে) আমাকে আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুপুরে সম্পদ বিবরণী দাখিলের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, মন্ত্রিসভার প্রস্তাব ফিরিয়ে দেয়ার জন্যই হয়তো আমাকে দুদকে আসতে হয়েছে। তিনি জানান, ১৯৯৬ সালে দুদকে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই ধারাবাহিকতায় আমাকে সম্পদ বিবরণীর নোটিস করা হয়। দেশের একজন সুনাগরিক হিসেবে আজ সম্পদ বিবরণী দাখিল করতে আমি দুদকে এসেছি। 

তিনি আরও বলেন, ‘হারাম রোজগারে আমি বিশ্বাস করি না। জাতীয় রাজস্ব বোর্ডে আমি প্রতি বছর সম্পদের হিসাব দিই। একই সঙ্গে আয়করও প্রদান করি।

উল্লেখ্য, দুর্নীতি দমন ব্যুরো ১৯৯৬ সালে অলি আহমদকে নোটিস দেয়। সেই নোটিসের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনি রিট আবেদন করেন। দীর্ঘদিন শুনানির পর ২০০৭ সালে আদালত দুদকের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, দুদক নোটিসটি কার্যকর করতে পারে। এরই ধারাবাহিকতায় ১০ই সেপ্টেম্বর অলিকে নোটিস দেয়া হয়।

দেশে শিক্ষার মানের অধঃপতন হয়েছে

Posted by Unknown | | Posted in


নিজেস্ব প্রতিবেদক: বোর্ড পরীক্ষায় রাজনৈতিক কারণে ছাত্রদেরকে পাশ করানো হচ্ছে। এ প্লাস ও গোল্ডেন এ প্লাস দেওয়া হচ্ছে বিনা বিচারে। এর ফলে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে  মাত্র ২ জন যোগ্যতা অর্জন করেছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় দেশে শিক্ষার মানের কতটা অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। 

আজ শুক্রবার বিকেলে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ/জেএসডি সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন নেতা সংগঠকদের সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি বলেন, কিন্তু জ্ঞানার্জনের ক্ষেত্রে তেমন কিছুই হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অধিকাংশ এ প্লাস পাওয়ারা ছাত্র পাশ মার্ক পেতেও ব্যর্থ হচ্ছে। 

বিএনপির হাল ধরতে দেশে ফিরছেন জোবায়দা!

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে দ্রুত অভিষেক ঘটতে যাচ্ছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। লন্ডন থেকে আগামী মাসেই দেশে ফিরছেন ডা. জোবায়দা রহমান। দলের চেয়ারপারসন ও শাশুড়ি বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করাই তার মূল লক্ষ্য।

দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে বলেছে, বিএনপিতে বিপর্যয়ের সৃষ্টি হলে হাল ধরতেই দেশে ফিরছেন ডা. জোবায়দা। তা ছাড়া তারেক রহমান একের পর এক মামলায় জড়িয়ে পড়ায় তার আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত। সে কারণে জোবায়দা রহমানকেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হতে পারে।

বেগম জিয়ার পুত্রবধূর এ আগমন দলের ভাবমূর্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী সিনিয়র নেতারা। আগামী জাতীয় নির্বাচনে ডা. জোবায়দার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও নিশ্চিত। সিলেট সদর অথবা ঢাকা-১৩ আসনে তিনি প্রার্থী হতে পারেন।

বিএনপির একজন প্রভাবশালী ভাইস চেয়ারম্যান বলেন, 'জোবায়দা রহমান রাজনৈতিক পরিবারের সদস্য। একই সঙ্গে তার যোগ্যতাও আছে। তিনি রাজনীতিতে আসতেই পারেন। আর দেশে ফেরার ক্ষেত্রে তার তো কোনো বাধা নেই। তবে রাজনীতিতে আসবেন কি, না আসবেন- সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একান্তভাবে তার পরিবারেরই।'

সূত্র জানায়, সক্রিয় রাজনীতিতে জোবায়দা রহমানের অংশগ্রহণের ব্যাপারে চেয়ারপারসন ছাড়াও আগ্রহী দলের অধিকাংশ সিনিয়র নেতা। তৃণমূল নেতা-কর্মীরাও যেন এক পায়ে দাঁড়িয়ে। তারেক রহমানের অনুপস্থিতিতে দেশে ফিরে জোবায়দা রহমান দলের জন্য ভূমিকা রাখবেন, তা-ই চান তারা। অত্যন্ত মেধাবী, ক্লিন ইমেজ ও স্বল্পভাষিণী এই চিকিৎসক দ্রুত দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য স্থান করে নিতে পারবেন বলে মনে করছেন নেতা-কর্মীসহ বিভিন্ন মহল।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'প্রতিকূল পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা সম্ভব না হওয়ায় স্বামীর অবর্তমানে দলের হাল ধরতে দেশে আসছেন জোবায়দা রহমান। চলমান রাজনৈতিক সংকটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বেশ নিঃসঙ্গতা অনুভব করছেন। এ অবস্থায় পরিবারের সদস্যদের জন্য তিনি রীতিমতো ব্যাকুল। বিশেষ করে নাতনি জায়মা রহমানের খুবই অভাববোধ করছেন তিনি।'

জোবায়দা রহমান কবে নাগাদ ফিরবেন, দিন-তারিখ চূড়ান্ত না হলেও তার দেশে ফেরার খবরে দলের তরুণ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দরে জনসমাগম করারও পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, 'যা রটে, তা কিছু না কিছু ঘটেই। ডা. জোবায়দা রহমানের দেশে আসতে কিংবা রাজনীতি করতে তো কোনো বাধা নেই। তা ছাড়া দেশের গোটা রাজনীতিতেই এখন একটা ক্রান্তিকাল চলছে। আর বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় যা যা করা দরকার, যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, তার সবই চেয়ারপারসনকে নিতে হবে।

শান্তিরক্ষা কার্যক্রমে শেখ হাসিনাও কো-চেয়ার নির্বাচিত

Posted by Unknown | | Posted in ,


আন্তর্জাতিক ডেস্ক: আজ শুক্রবার জাতিসংঘে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত শীর্ষ সম্মেলন। আর এই সম্মেলনে কো-চেয়ার হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, রুয়ান্ডার প্রধানমন্ত্রী আনাস্তেস মুরেকেজি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো-বাইডেন কো-চেয়ার থাকছেন। 

সেই সাথে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, শান্তিরক্ষায় বিশেষজ্ঞ ও বিশ্ব ব্যক্তিত্বরা অংশ নেবেন। সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত চলবে এই কর্মসূচি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির কো-চেয়ার হিসেবে বিশ্বশান্তিতে বাংলাদেশের অঙ্গীকার যেমন তুলে ধরবেন, তেমনি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের বিশাল অবদানের জন্য প্রশংসিতও হবেন এই ফোরামে, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

বাংলাদেশের পক্ষ থেকে এটি জাতিসংঘে একটি উচ্চ পর্যায়ের সেলিব্রেশন বলে জানিয়েছে স্থায়ী মিশন। যুক্তরাজ্য, রাশিয়া ও ভারতের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ইউএনডিপির অ্যাডমিন্সট্রেটর মিজ হেলেন ক্লার্ক, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক ও ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। উপস্থিত থাকবেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসা সকলেই।

বিক্রি শুরু না হতেই গরুর দাম ১৬ লাখ !

Posted by Unknown | | Posted in

নিজেস্ব প্রতিবেদক: আর কয় দিন পর পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহার প্রসঙ্গ আসলেই সামনে আসে কোরবানীর কথা। আমরা সবাই মেতে উঠি পচ্ছন্দ মত কোরবানীর পশু কেনার জন্য। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি তাই এখন থেকে দেশের বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে পশুর হাট। ঢাকায় এখনও পশুর হাট জমেনি, তবে ইতিমধ্যে বেশ কিছু হাট বসতে শুরু করেছে। 

গতকাল কমলাপুর গরুর হাটে পাকিস্তানি শাহীওয়াল নামে একটি গরুর দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা! এখন পর্যন্ত এর দাম উঠেছে ৯ লাখ টাকা। গরুর মালিক রমজান আলী ড্যানি। তিনি জানান, দাম মনঃপূত হচ্ছে না, তাই বিক্রি করছেন না। ন্যায্য দাম পেলেই ক্রেতার কাছে শখের এ প্রাণীটি হস্তান্তর করবেন।  

তিনি বলেন, এখন পর্যন্ত যে দাম উঠেছে তাতে বিক্রি করলে আমার তেমন লাভ থাকে না। তিনি আরও বলেন, হাটে আনার আগে গরুর সঠিক ওজন দিয়েছি। এক টনেরও (১১৮২ কেজি) বেশি ওজন হয়েছে এ গরুটির। জাত, আকার ও ওজন বিচারে বাংলাদেশে এই গরু দ্বিতীয়টি আর নেই বলে দাবি করেন ড্যানি।

ড্যানি জানান, ২০১২ সালে রাজশাহীর রানীরহাট থেকে এ ধুসর খয়েরি ও কালো রঙের ষাঁড়টি ৬ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে কিনেছিলেন অনেকটা শখের বশে। ২০১৪ সালের চলতি সময় পর্যন্ত গরুর খাওয়া ও যত্ন-আত্তিতে ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা।

বিএনপির নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: পাওনা টাকা আদায় সংক্রান্ত একটি মামলায় বগুড়ায় নন্দীগ্রাম পৌর  বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বিএনপি নেতা উপজেলার সিধইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলহাজ্ব শমসের আলী।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার দিনগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুর রাজ্জাক বাবুকে গ্রেফতার করা হয়েছে।

আইফোন ৬: উৎপাদনে ব্যয় মাত্র ষোল হাজার টাকা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: গবেষণা প্রতিষ্ঠান এইচআইএস গত সপ্তায় অ্যাপল’এর আইফোন ৬ ও ৬ প্লাসের সব যন্ত্রপাতি খুলে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এ দু’টি ফোনের উৎপাদন খরচ কতো পড়তে পারে তার একটি হিসাব দাঁড় করিয়েছে, সেই সাথে তারা দেখিয়েছে এগুলি বিক্রি করে কোম্পানি কি পরিমান মুনাফা করছে। তাদের উপাত্তের ভিত্তিতে জানা গেছে আইফোন ৬ এর ১৬ গিগাবাইট মডেল থেকে মুনাফা হয় প্রায় ৬৯% আর ১২৮ গিগাবাইটে মুনাফার অংক ৭০%।

এইচআইএস আইফিক্সইট ট্রিটমেন্ট- এ প্রকাশ করছে যে, আইফোন ৬ এর ১৬ গিগাবাইট সংস্করণের জন্যে যন্ত্রাংশ তৈরি ও মজুরীর খরচ পড়েছে ২০০ ডলার, আর ১২৮ গিগাবাইট সংস্করণের জন্যে এ দু কারণে খরচ হয় ২৪৭ ডলার। অন্যদিকে আইফোন ৬ প্লাসের ১৬ গিগাবাইটের জন্যে এ ক্ষেত্রে খরচ হয় ২১৬ ডলার এবং ১২৮ গিগাবাইট সংস্করণের জন্যে লাগে ২৬৩ ডলার। 

অ্যাপেলের বিশ ন্যানোমিটার প্রযুক্তির এ৮ প্রসেসর বানিয়েছে টিএসএমসি, এর সাথে আছে একটি কো-প্রসেসর। দু’টো মিলিয়ে দাম ২০ ডলার। আগে অবশ্য অ্যাপেলকে তার প্রতিদ্বন্দ্বী স্যামসাংএর উপরই এই আইফোনের প্রসেসরের জন্যে নির্ভর করতে হয়েছে। 

আইফোন ৬ ও ৬ প্লাসের সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে ডিসপ্লে, যা তৈরি করেছে এলজি ডিসপ্লে ও জাপান ডিসপ্লে। আইফোন ৬ এর ডিসপ্লেটি তৈরিতে খরচ হয়েছে ৪৫ ডলার, আর ৬ প্লাসের জন্যে খরচ ছিল ৫২ ডলার। দুটি মডেলের স্ক্রিনই আবৃত আছে করনিং গোরিলা গ্লাসে। 

আর আইফোন ৬ এর এনএফসি চিপ ও বিল্ট-ইন সেন্সরগুলি এনএক্সপি সেমিকনডাকটরস-এর তৈরি যার দাম ২২ ডলার।

ভারতে পাচারকালে ইলিশ আটক

Posted by Unknown | | Posted in

ইলিশ আটক
স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৭৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিানয়ক লে. কর্নেল কবির আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির হাবিলদার আসাদুজ্জামান ও ভাতশালা বিওপির নায়েক সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে দেবহাটা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালায় টহলরত বিজিবি সদস্যরা।

এ সময় উপজেলার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া থেকে ৭৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছের মূল্য ৬ লাখ ৩২ হাজার টাকা।

রেকর্ড দামে বাজারে আসছে গ্যালাক্সি নোট ৪

Posted by Unknown | | Posted in

 বি২৪ নিউজ ডেস্ক: গ্যালাক্সি নোট প্রো ১২.২ গত এপ্রিলে বাজারে আসে ৭৯৯০০ টাকায়। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিতে গ্যালাক্সি নোট ৪ বাজারে আসতে যাচ্ছে ৮০০০০ টাকা মূল্যমানে। বাংলাদেশের ক্রেতাদের জন্যে স্যামসাং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৪ যৌথভাবে বাজারে আনছে স্যামসাং ও গ্রামীণফোন। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। 

তবে গ্যালাক্সি নোট ৪ হাতে পেতে আপনাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে ২০ অক্টোবর পর্যন্ত। তবে ক্রেতারা আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে স্যামসাং-এর ফ্ল্যাগশিপ বিক্রয় কেন্দ্র বা গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গিয়ে বুকিং দিতে পারবেন। 

এ ফোনের প্রকৃত মূল্য ৮০ হাজার টাকা । তবে গ্রামীণফোনের প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস গ্রাহকেরা এটি কিনতে পারবেন ৬৭ হাজার ৫০০ টাকায়। গ্রামীণফোন গ্রাহকেরা এছাড়াও আরো পাবেন ১২ মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ ও বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। নোট ৪ পাওয়া যাবে কালো, সাদা, তামাটে সোনালি ও গোলাপি - এই ৪টি আকর্ষণীয় রংয়ে। ধাতব আবরণের এ ফোনের ডিসপ্লে ৫.৭ ইঞ্চির সুপার এএমওএলইডি। ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৩.৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ এ ফোনে আরো রয়েছ ৩ গিগাবাইট র‌্যাম ও ইন্টারনাল ৩২ গিগাবাইট মেমোরি। এতে ব্যবহার করা হয়েছে ৮ কোরের এআরএম করটেক্স এ৫৭ এবং করটেক্স এ৫৩ প্রসেসর। বিশেষ ব্যাটারি যুক্ত হয়েছে এতে যা ৩০ মিনিটেই প্রথম ৫০% চার্জ নিয়ে নিতে পারবে। 

স্যামসাং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৪ এর বিষয়ে এতোসব তথ্য জানাতে সংবাদ সম্মেলতে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুং সু মুন, গ্রামীণফোনের হেড অফ স্ট্র্যাটেজি এবং প্রজেক্ট অফিস আরলেন্ড প্রেস্টগার্ড, স্যামসাং ইলেট্রনিক্স লি: এর মহাব্যবস্থাপক ইয়ং উ লি, স্যামসাং বাংলাদেশের মোবাইল প্রধান হাসান মেহেদী এবং গ্রামীণফোনের পরিচালক, বিপনন নেহাল আহমেদ।

'নেক্সাস-৯' নিয়ে আসছে এইচটিসি

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: গুগলের পরবর্তী ৬৪-বিটের নেক্সাস ট্যাবলেট তৈরি করবে এইচটিসি। ধারণা করা হচ্ছে এর নামকরণ করা হবে নেক্সাস ৯ যা ৬৪-বিটের এনভিডিয়া চিপে চলবে। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, গুগলের ৬৪-বিট ভার্সনের অ্যান্ড্রয়েড চালিত প্রথম ডিভাইসটি হবে এইচটিসি’র তৈরি একটি ট্যাবলেট। এর আগে নানা প্রান্ত থেকে নেক্সাস ৯ নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। কিন্তু গত সোমবার জানা যায়, একটি উচ্চ প্রযুক্তির ট্যাবলেট প্রস্তুতির জন্যে যৌথভাবে কাজ করতে এইচটিসি’র প্রকৌশলীগণ এরই মধ্যে মাউন্টেন ভিউতে অবস্থিত গুগলের প্রধান কার্যালয়ে গিয়ে পৌঁছেছেন। বিগত জুনে গুগল এক ঘোষণায় বলেছিল তাদের অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন হবে অ্যান্ড্রয়েড এল। এটি হবে ৬৪-বিটের সক্ষমতায় পূর্ণ। কিন্তু বর্তমানে ডেভেলপারদের জন্যে তাদের নতুন নতুন অ্যাপগুলি পরীক্ষা করার মতো ৬৪-বিটের খুব বেশি ফোন বা ট্যাবলেট নেই। তাই ধারণা করা যেতেই পারে গুগল আগামীতে অ্যান্ড্রয়েড এল সংস্করণের পাশাপাশি নতুন ৬৪ বিট নেক্সাস ডিভাইস অবমুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। 

ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তাইওয়ানের কোম্পানি এইচটিসির তৈরি নেক্সাস ৯ হতে পারে ৮.৯ ইঞ্চির একটি ট্যাবলেট, ২গিগাবাইট র‌্যাম ও এনভিডিয়া টেগরা কে১ প্রসেসর থাকবে এতে। অনুমান থেকে জানা যায় এর মূল্য নেক্সাস ৭ এর চেয়ে অনেক বেশি - ২৩০ ডলারকেও অতিক্রম করবে। স্যামসাং-এর তৈরি ৪০০ ডলারের নেক্সাস ১০ এর মতোই হবে নেক্সাস ৯ এর দাম। 

আগামী মাসের শুরুতেই গুগল তাদের এই ডিভাইস সম্পর্কে ঘোষণা দিবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাকিস্তানের ১৬ ক্রিকেটার নিষিদ্ধ!

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা হওয়ায় ১৬ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাঈদ আজমলকে একই কারণে নিষিদ্ধ করেছে আইসিসি। পরবর্তীতে আর যেন এ ধরনের অবস্থার মুখোমুখি হতে না হয় সে কারনে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে এই ক্রিকেটারদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে বোর্ডের ডিরেক্টর ইন্তিখাব আলম বলেছেন, ‘চলতি হোম সিরিজে ২৯ ক্রিকেটারের বোলিং অ্যাকশনের সমস্যা নিয়ে অভিযোগ এসেছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে দুইবার করে। তাই ১৬ জন ক্রিকেটারকে ঘরোয়া ম্যাচে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন অ্যাকশন নিয়ে কাজ করার জন্য সরাসরি জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবে তারা।’

আজমল নিষিদ্ধ হওয়ার পরই নড়েচড়ে বসেছে পিসিবি। এমন ঘটনার পুনরাবৃত্তি প্রত্যাশা করে না বোর্ড। তাই সাত বছর ধরে অর্থনৈতিক সমস্যা থাকলেও এরই মধ্যেই মেরামত করা হয়েছে বায়োমেকানিকস ল্যাবরেটরি। সঙ্গে ক্রয় করা হয়েছে নতুন কিছু মেশিনারিজও।

আন্তর্জাতিক ক্রিকেটে আজমল ছাড়াও এর আগে শোয়েব আকতার ও শহীদ আফ্রিদিসহ ছয়জন পাকিস্তানী বোলারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠেছিল।

আবার রাজনীতিতে ফিরছেন নিকোলাস

Posted by Unknown | | Posted in

নিকোলাস সারকোজি
আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে রাজনীতিতে ফিরছেন সাবেক ফরাসি রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি। ফরাসী শহর লিলে এলাকায় তরুণ ভোটারদের সমর্থন লাভই সারকোজির প্রধান লক্ষ্য।

লিলেতে প্রচারণামূলক র‌্যালীতে নামার আগেরদিন ফ্রান্সের আদালত সাবেক এ প্রেসিডেন্টকে তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তিনি নিজেও বারবার নিজেকে দুর্নীতিমুক্ত বলে দাবি করে আসছিলেন।

সারকোজি জানিয়েছেন, তিনি ডানপন্থী রাজনৈতিক দল ইউনিয়ন ফর পপুলার ম্যুভমেন্ট (ইউএমপি) এর নেতৃত্বপ্রত্যাশী। সারকোজি বক্তব্যে বলেন, ‘বন্ধুরা আমার, বহুদিন যাবত ফ্রান্সের সেবা করে যাচ্ছি আমরা। বিশেষত, আমি জানি যে আমরা কী করেছি। ফ্রান্সের গণমানুষ, আমার ধন্যবাদ গ্রহণ করুন!’

২০১৭ সালে ফ্রান্সে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউএমপির নেতৃত্বপ্রত্যাশা সারকোজির রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে অংশগ্রহণের দিকে প্রথম পদক্ষেপ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা।

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: আজ শুক্রবার দুপুর ১টার দিকে শেরপুরে বাসের সঙ্গে পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) ও বাবলু মিয়া (৪২) নামে ২জন নিহত হয়েছেন। শেরপুরের নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি কিশোরগঞ্জ সদরের বাসিন্দা।


এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আতিকুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। 

জনসনের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসম চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০ থেকে ছিটকে পরেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। চোটের কারনে তিনি খেলতে পারবেন না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, চোটের জন্য মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে রয়েছেন জনসন। চিকিৎসকদের অনুমতি ছাড়া মাঠে নামতে পারবে না সে।

এর আগে চোটের জন্য মাঠের বাইরে চলে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অলরাউন্ডার শেন ওয়াটসন। এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলতে এখানে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এবার চলচ্চিত্রে ঢুকে পড়েছে ড্রোন

Posted by Unknown | | Posted in ,

ড্রোন
অনলাইন ডেস্ক: আমেরিকায় চলচ্চিত্র নির্মানে ভিডিও ধারণের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর আগে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বাণিজ্যিক উদ্দেশে ড্রোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

তবে  ছয়টি টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানকে কিছুটা নিষেধাজ্ঞা মেনেই কার্যক্রম পরিচালনা করতে হবে। যেমন- রাতে ড্রোন ব্যবহার করা যাবে না এবং প্রতিবার ড্রোন ব্যবহারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পর্যবেক্ষণ করবেন।

এর আগে সাধারণ উড্ডয়ন নীতিমালা, পাইলটের সনদপত্র, ম্যানুয়াল, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির বিবরণ তুলে ধরে ওই ছয়টি প্রতিষ্ঠান ড্রোন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে।

ওই আবেদন পর্যালোচনা করে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েই ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন এফএএ-এর অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল হুয়েরটা। সূত্র:- বিবিসি

ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: উদ্ভাবিত প্রযুক্তির প্রচার ও সম্প্রসারণে ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’য় দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হয়েছে। শুক্রবার দুপুরে বিনা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিনা’র সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা’র মহাপরিচালক ড. এ এইচ এম রাজ্জাক।

কর্মশালায় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার ১০০ সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন- বিনা’র পরিচালক (প্রশাসন) ড. আজগর আলী সরকার, পরিচালক (গবেষণা) ড. মনোয়ার করিম খান, ড. এ এফ এম ফিরোজ হাসান ও দৈনিক জাহান’র সম্পাদিকা রেবেকা ইয়াসমিন প্রমুখ।

টর্নেডোর আঘাতে মুরাদনগরের ১৩টি বসতঘর বিধ্বস্ত

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: কুমিল্লায় আকস্মিক টর্নেডোর আঘাতে ১৩টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোরে মেঘাচ্ছন্ন আকাশ থেকে ধেয়ে আশা আকস্মিক ঝড়ে কমল গ্রামের সবকিছু লন্ডভন্ড করে দেয়। মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের কমলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, টর্নেডোর তান্ডবে কমলপুর গ্রামের আলআমিন, শফিক, হানিফ,খায়ের, রশীদ, মজিবুররহমান ও বাচ্চু মিয়ার বসতঘরসহ মোট ১৩টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। 

বোমা মেরে মসজিদ ও মাজার উড়িয়ে দিলো আইএসআইএল

Posted by Unknown | | Posted in


আন্তর্জাতিক ডেস্ক: একটি মসজিদ ও মাজার বোমার সাহায্যে উড়িয়ে দিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। ইরাকের তিকরিতে এ ঘটনা ঘটেছে। আল-আরবাইন মসজিদের পাশেই ছিল ইসলামের প্রাথমিক যুগে কয়েক জন বিশিষ্ট ব্যক্তিত্বের মাজার। বিস্ফোরকের সাহায্যে সেখানকার সব কিছু ধ্বংস করে দেয়া হয়েছে।

ওই এলাকা থেকে পালিয়ে আসা লোকজনের ভাষ্য, আল-আরবাইন মসজিদ ও মাজার মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। তিকরিতের জামে মসজিদের ইমাম ইয়াহিয়া আল-আত্তাওয়ি বলেছেন, হ্যা। এ খবর সত্য যে তারা পবিত্র স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা মসজিদ ও মাজারের ভেতরে বিস্ফোরক পেতে রাখার একদিন পর তাতে বিস্ফোরণ ঘটিয়েছে। তিকরিতের একটি প্রাচীন মন্দিরেও বর্তমানে বিস্ফোরক পেতে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই মন্দিরটি সপ্তম শতাব্দিতে নির্মাণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বিস্ফোরকের সাহায্যে মন্দিরটি উড়িয়ে দেয়া হবে। সূত্রঃ রেডিও তেহরান।

নেপালে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: আসন্ন নভেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। শেখ হাসিনার সাথে বৃহস্পতিবার হোটেল স্যুটে এক বৈঠককালে কৈরালা এ আমন্ত্রণ জানান। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও নেপালের বিদ্যুৎ বাংলাদেশে ব্যবহারসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী কৈরালা ফুলবাড়ি ও বাংলাবান্ধা দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ কর্তৃক নেপালের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যুৎ অংশীদারিত্বের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নেপালের বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগে যুক্ত হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সূত্রঃ বাসস।

ফেনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ফেনীতে ২শ’ পিস ইয়াবাসহ দোলায়ার হোসেন জুটন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে শহরের কলেজ রোডের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোডের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় ২শ’ পিস ইয়াবা, ১শ’ পিস জিপার ও ১টি কয়েন রুল পেপারসহ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামালা দায়ের করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলুন

Posted by Unknown | | Posted in ,


অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে মার্কীন ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশে মার্কিন বিনিয়োগের পরিমাণ ছিল ২ কোটি ৫০ লাখ ডলার। ২০০১ সালে যখণ আমরা ক্ষমতা ছেড়ে যাই, তখন মার্কিন বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার।

তিনি বলেন, ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগে দ্বিতীয় বৃহত্তম স্থানে অবস্থান করছে। আগামী তিন বছরের মধ্যে আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশের মার্কিন বিনিয়োগ এক বিলিয়ন ডলার অতিক্রম করে যাক।

শেখ হাসিনা বলেন, আমার সরকারের দ্বিতীয় মেয়াদে আমরা সাফল্যের সঙ্গে মায়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করেছি। এখন আমরা সমুদ্রে জ্বালানি ও সম্পদ অনুসন্ধানে পুরোপুরি স্বাধীন।

শেখ হাসিনা বলেন,যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্দর দিয়ে ডিউটি ফ্রি কোটায় পন্য রফতানির সুযোগ পায়,তাহলে রফতানি বৃদ্ধি পাবে এবং টাগেটের চেয়েও মিলিয়ন মিলিয়ন ডলার অতিরিক্ত রফতানি করা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, গত এক বছর তাঁর সরকার পোশাক শ্রমিকদের বেতন, স্বাস্থ্য, নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছে। গত চার বছরে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার তাদের নূন্যতম মজুরি বৃদ্ধি করেছি। ২০০৯ সালে যেখানে তাদের নূন্যতম মজুরি ছিল ১ হাজার ৬শ’ টাকা, সেখানে ২০১৩ সালে তাদের নূন্যতম মজুরি দাঁড়ায় ৫ হাজার ৩শ’ টাকা।

তিনি আরো বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিআইসিএফএ) স্বাক্ষর করেছে, যা দু’দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। সূত্রঃ বাসস।

নকলায় বাস-পিকাআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় বাসের সঙ্গে পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) ও বাবলু মিয়া (৪২) নামে ২জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আতিকুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুই ব্যক্তি কিশোরগঞ্জ সদরের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তারা দু’জন কোরবানীর গরু কেনার জন্য রওমারীর উদেশে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রে মোদির বিরুদ্ধে সমন জারি

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০০২ সালের গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে গুজরাট দাঙ্গায় মোদির ভূমিকার ব্যাপারে ব্যাখ্যা চেয়ে এই সমন জারি করা হয়।

মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে নয় বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পাঁচদিনের যুক্তরাষ্ট্র সফরে মোদি নিউইয়র্ক পৌঁছানোর আগ মুহূর্তে এই সমন জারির খবর আসলো।

অলাভজনক মানবাধিকার সংগঠন আমেরিকান জাস্টিস সেন্টার (এজেসি) এই সমন জারি করে। সংগঠনটি গুজরাট দাঙ্গায় বেঁচে যাওয়া দুইজনের বিবৃতির ভিত্তিতে এলিয়েন টর্ট ক্লাইমস অ্যাক্ট (এটিসিএ) ও টর্চার ভিকটিম প্রটেকশন অ্যাক্টের (টিভিপিএ) অধীনে এই সমন করা হয়।

নিউইয়র্কের দক্ষিণাঞ্চলের একটি ফেডারেল আদালতে দায়ের করা ওই সমনে মোদিকে ২১ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

'বিএনপি-জামায়াত' সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত: সুরঞ্জিত

Posted by Unknown | | Posted in

নিজেস্ব প্রতিবেদক: সরকারকে উৎখাত করার জন্য বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, তারা গত ৫ জানুয়ারীর নির্বাচন বানচালের ষড়যন্ত্রে যেমন ব্যর্থ হয়েছে তেমনি নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রেও ব্যর্থ হবে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত আরো বলেন, বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন আওয়ামী লীগই যথেষ্ট।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্রে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা সহ আরো কয়েকটি বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে।’

সুরঞ্জিত বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ যে মুহূর্তে বিশ্বে প্রশংসিত হচ্ছে- তখন বিএনপি-জামায়াত চক্র আবারো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত শুরু করেছে। কিশোরগঞ্জের বেশ কয়েকটি পূজামন্ডপে চালানো হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্রের বহি:প্রকাশ।

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে বাংলাদেশি গরু ব্যবসায়ী হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ঢ বাংলাদেশ (বিজিবি)। তবে প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বেলা ১১টায় জীবননগরের ৬৪ মেইন পিলার সংলগ্ন চ্যাংখালী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ প্রতিবাদ জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান।

বৈঠকে হত্যার সঙ্গে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান তিনি।

প্রতিক্রিয়ায় বিএসএফ ১৭৩ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অনিল শর্মা বাংলাদেশি গরু ব্যবসায়ী জিয়ারুল আহমেদ রাজু হত্যার ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি বিষয়টি তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুসুমপুর সীমান্তে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের টহল দলের গুলিতে নিহত হন বাংলাদেশি গরু ব্যবসায়ী জিয়ারুল আহমেদ। ওই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই আজকের এ বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। বিএসএফ ১৭৩ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অনিল শর্মা হত্যার ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ বিষয়ে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজিবি ব্যাটালিয়ন প্রধানকে আশ্বস্ত করেছেন তিনি।

মাওলানা সোহরাব আলী খান আর নেই

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: প্রখ্যাত আলেম ও সমাজসেবক মাওলানা সোহরাব আলী খান গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।


তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বরিশালে পালিত হচ্ছে বিশ্ব "নদী দিবস"

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: অবৈধ দখল ও দূষণের হাত থেকে নদীর মুক্তির দাবিতে বরিশালের বিশ্ব নদী দিবস-২০১৪ পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাট পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন আইসিডিএ, ম্যাপ, এবিসি ফাউন্ডেশন, অঙ্গীকার বাংলাদেশ।

এ সময় কীর্তনখোলা নদীতে ফুল ভাসিয়ে নদী তীরে দাঁড়িয়ে কীর্তনখোলাসহ সব নদীকে দূষণমুক্ত ও নদী শাসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইসিডিএ এর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, ম্যাপের নির্বাহী শুভঙ্কর চক্রবর্তী, এবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুস ছালাম, নারী নেত্রী ছালমা বেগম প্রমুখ।

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

Posted by Unknown | | Posted in


নিজেস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।

শাবিপ্রবিতে ২ শিবির নেতা গ্রেফতার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশের উপর হামলার ঘটনায় শুক্রবার ভোরে ক্যাম্পাস সংলগ্ন একটি মেস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জিয়াউল হক জিয়া (২৩) শাবিপ্রবি’র ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও চট্রগ্রামের মিরশ্বরাই উপজেলার বাসিন্দা তাজুল হকের ছেলে। এছাড়া কাওছার আহমদ (২২) শাবির ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার শিবির নেতা জাবেদুর রহমানের তথ্যমতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজনই শাবি ছাত্র শিবিরের সদস্য।

তিনি জানান, গ্রেফতার শিবির নেতারা ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশের উপর হামলার ঘটনায় জড়িত। এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি ভাঙচুরের মামলারও আসামি জিয়া।

বাংলাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বাংলাবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাবাজারের মমতাজ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মুন্সী (৩০) ওই মার্কেটের নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি পিরোজপুরের জিয়ানগর থানার আনোয়ার মুন্সীর ছেলে।

নিহতের ছোটভাই বেলাল হোসেন জানান, দুপুরে মার্কেটের পানির হাউজ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসিন। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আ'লীগ সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাসী: হানিফ

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপের আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

হানিফ বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে বলেই জনগণের সহযোগিতায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। জনগণ শেখ হাসিনার পক্ষে আছে তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সঙ্গে করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

তিনি বলেন, একাত্তরের পরাশক্তি পাকিস্তান ও পশ্চিমা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চক্রান্ত করেছে। সেই সূত্র ধরেই জাতির পিতাকে ৭৫ এ হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার এই উন্নয়নকে বিএনপি মেনে নিতে পারেনি।

হানিফ আরও বলেন, নিজেদের অপকর্ম ঠেকতে বিএনপি নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। অতীতে বিএনপি অপকর্ম করেছে তাই তাদের নিজেদের অভ্যাসজনিত কারণে আওয়ামী লীগের ঘাড়ে দাঁড় করিয়েছে।

এর আগে তিনি সমাজসেবার উদ্যোগে জেলার ১১টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে প্রত্যেককে ১০ হাজার করে মোট ১ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল গনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান।

ভেঙ্গে গেল বাংলাদেশের স্বর্ণ জয়ের সপ্ন

Posted by Unknown | | Posted in

বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস টি-২০ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের ফলে এশিয়ান গেমসের স্বর্ণ নিজেদের করে নিল পাকিস্তান। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ ওভারে ৪৩ রানের টার্গেটে খেলতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ৩৮ রান করতে সক্ষম হয়।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান মহিলা দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৭ রান করে।


পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিশমা মারুফ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাইন আবিদি (১৮)। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নিয়ে দিনের সেরা বোলার রুমানা আহম্মেদ। এছাড়া একটি করে উইকেট নেন জাহানার আলম, সালমা খাতুন ও ফাহমিদা খাতুন। 

পরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করে করেন রোমানা আহম্মেদ ও ফারজানা হক। পাকিস্তান দলের হয়ে ২ উইকেট করে নিয়েছেন সানা মির, সাদিয়া ইউসুফ ও নিদা দার।

আশুলিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

নিজেস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার আউখপাড়া ও গৌরীপুর নামের এলাকা থেকে এই লাশ দুটি আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে।

লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, স্থানীয়দের খবরে পুলিশ আউখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইদুর রহমান ব্যাপারী (৩০) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করে।

অপরদিকে গৌরীপুর এলাকা থেকে প্রবাসী  মান্নান শেখ (৪৫) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
 
অশুলিয়া থানার উপ-পরিদর্শক ওলিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শরীয়তপুরে চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শরীয়তপুর পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকাশকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে শরীয়তপুর শহরের পাকার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শরীয়তপুর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মো. নুরুল হক শুক্রবার জানান, পৌর ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ জেলার মোটরসাইকেল চুরির মূলহোতা। তাকে রিপন নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে জুলহাস নামের এক চোর। এ ঘটনায় পালং থানায় একটি মামলা দায়ের হয়। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। জুলহাসের স্বীকারোক্তি মতে ডিবি পুলিশ প্রকাশকে গ্রেফতার করে।

মামলা সূত্রে আরও জানা যায়, প্রকাশের বিরুদ্ধে ৯টি চুরি ও ছিনতাই মামলা রয়েছে। ইতোপূর্বে তিনি একটি ছিনতাই মামলায় ৪ মাস কারাভোগের পর জামিনে রয়েছেন।

    আর্কাইভ