প্রকাশকালঃ
বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
মরণঘাতী জীবাণু কলিফর্ম এর সন্ধান পাওয়া গেছে বিভিন্ন খাবার হোটেলে
সময় এসেছে হোটেল-রেস্তোরাঁর খাবার থেকে সাবধান হওয়ার। রাজধানীর বিভিন্ন খাবার হোটেলে সন্ধান পাওয়া গেছে মরণঘাতী জীবাণু কলিফর্ম এর। সম্প্রতি পরিবেশ অধিদফতর বিভিন্ন নগরীর হোটেল-রেস্তোরাঁয় এই জীবাণুর অস্তিত্ব খুঁজে পেয়েছে। আর তাই হোটেল- রেস্তোরাঁয় খাওয়ার ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদফতর।
নগরীর বিভিন্ন এলাকার খাবার হোটেলে বিশুদ্ধ খাবার ও পানি ক্রেতাদের দেওয়া হয় কি না- এ নিয়ে সম্প্রতি জরিপ চালায় পরিবেশ অধিদপ্তর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা হোটেল- রেস্তোরাঁ থেকে খাবার ও পানির নমুনা সংগ্রহ করেন। তার পর সংগৃহীত পানি গবেষণাগারে পরীক্ষা করে বেশ কিছু হোটেলে মরণঘাতী কলিফর্ম জীবাণুর সন্ধান পান তারা।
কলিফর্ম জীবাণুর অস্তিত্ব পাওয়ায় পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গত ৩০ মে মোহাম্মদপুরের টাঙ্গাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, সিটি পার্ক চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং আক্তার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
কলিফর্ম জীবাণুর ভয়াবহতা সম্পর্কে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মাহমুদুর রহমান জানান, খাবার এবং পানির মাধ্যমে এ জীবাণু পেটে প্রবেশ করলে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস ও ইউরিন ইনফেকশন হতে পারে। পানিতে কলিফর্ম জীবাণুর বিস্তার বেশি হলে সে পানি দিয়ে কুলি করলে মুখে ইনফেকশন হতে পারে।
তিনি জানান, পানির মূল উৎস থেকে সাধারণত এ জীবাণুর বিস্তার ঘটে না। পানির পাইপ এবং হোটেলের রিজার্ভার থেকে এটি ছড়ায়।