প্রকাশকালঃ
বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায়
Unknown
চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে রোগী দেখা বন্ধ ঘোষণা
বি২৪ নিউজডেস্কঃ
গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চেম্বারে রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগী না দেখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। চিকিৎসকদের আকস্মিক এই কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। আইনজ্ঞরা মনে করছেন চিকিৎসকদের এই কর্মসূচিকে আদালত অবমাননার শামিল।
সুরমান আলী নামের এক চিকিৎসক অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গত সোমবার চট্টগ্রামের একটি আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও কয়েকটি চিকিৎসক সংগঠন গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সভা করে। সভায় ওই চিকিৎসকের মুক্তি দাবি করা হয় এবং সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকেরা সেবা দেবেন।
প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নামে চিকিৎসকদের এই আন্দোলন বেআইনি বলে দাবি করেনআইনজীবী রানা দাশগুপ্ত। এর মাধ্যমে তাঁরা আদালতের আদেশ অবমাননার ধৃষ্টতা দেখিয়েছেন। অপরাধীকে ছাড়ানোর জন্য আদালতের ওপর চাপ সৃষ্টির প্রবণতা লক্ষ করা যাচ্ছে এই আন্দোলনের মাধ্যমে।
চট্টগ্রামের বিএমএ সভাপতি মুজিবুল হক খান বলেন, মঙ্গলবার বেলা আড়াইটা থেকে চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকরা কোনো বেসরকারি ক্লিনিক ও চেম্বারে চিকিৎসাসেবা দেবেন না। তবে সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে যাঁরা চাকরি করেন, তাঁরা সেবা দেবেন। তিনি বলেন, সভায় আমরা চিকিৎসককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের আকস্মিক চেম্বারে রোগী দেখা বন্ধ করার ঘোষণায় চট্টগ্রামে অনেক রোগী দুর্ভোগে পড়েছেন।
