প্রকাশকালঃ
বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
শেওড়াপাড়া জোড়া খুনের ঘটনার কারন স্বীকার করল মিলন
শেওড়াপাড়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মিলন জানিয়েছে যে মেসে উত্ত্যক্তের জের ধরে দুই জনকে খুন করা হয়েছে। একজনকে হত্যা করার পরিকল্পনা থাকলেও দেখে ফেলায় অন্যজনকেও হত্যা করা হয়েছে। আর হত্যাকাণ্ডে মিলন ছাড়াও গ্রেপ্তার হওয়া ফারুক ওরফে রুবেল এবং আরেক ভাড়াটিয়া জড়িত ছিল। রোববার বিকেলে আগারগাঁওয়ে র্যাব-২ এর কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন র্যাব কর্মকর্তা এম এম আনিসুর রহমান।
র্যাব-২ এর এই অধিনায়ক সাংবাদিকদের বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (মিলন) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে মিলন জানিয়েছে।” তিনি বলেন, খায়রুল বাশারের সঙ্গে মিলনের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সে তাকে হত্যা করে। খায়রুলকে হত্যার সময় অন্য কক্ষে থাকা রাজিব দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়।
খায়রুলের কাছে থাকা অর্থ হাত করতেই তাকে হত্যা করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার সত্যতা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। তবে মিলন এ অভিযোগ অস্বীকার করেছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান আনিসুর রহমান।
তিনি বলেন, “মিলন দাবি করেছে- সে একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। এ কারণে খায়রুল প্রায়ই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে কথা বলতো। এ কারণে তাকে হত্যার সিদ্ধান্ত নেয় মিলন।” হত্যাণ্ডের সঙ্গে ওই মেসের সদস্য ফারুক ছাড়াও আরেকজন খুনিকে বাইরে থেকে ভাড়া করা হয়। অবশ্য ওই ব্যক্তির নাম সাংবাদিকের সামনে প্রকাশ করেননি র্যাব কর্মকর্তা।
এ হত্যাকাণ্ডের পিছনের আর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে শেওড়াপাড়ার শামীম সরণীতে ওই মেস থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল বাশার হাওলাদার (২৮) ও বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র আনহারুল ইসলাম রাজিবের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
খায়রুলের চাচা মোস্তফা কামাল মামুন শুক্রবার রাতেই শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
ঘটনার পরপরই ওই মেসের দুই সদস্য ফারুক ওরফে রুবেল, করিম এবং গৃহপরিচারিকা বকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। বকুলের দেয়া তথ্যের ভিত্তিতেই মিলনকে খোঁজা হচ্ছিল। হত্যাকাণ্ডের পর থেকেই মিলন নিখোঁজ ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।