প্রকাশকালঃ
বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
বিরোধী দল বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছেঃ সুরঞ্জিত
দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, "রাজনীতির মধ্যে ষড়যন্ত্র আছে। যারা চায় না আলোচনার মাধ্যমে সমাধান ঘটুক, যারা দ্বন্দ্ব-সংঘাত চায় তারাই বিএনপিকে মুলতবি প্রস্তাব প্রত্যাহারে প্ররোচিত করেছে।"
মুলতবি প্রস্তাব প্রত্যাহারে বিরোধী দল বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "বিএনপি যে ভুল করেছে সেই ভুলের ক্ষত দূর করতে বিএনপিকে অনেক মাশুল দিতে হবে। তবে এখনও সময় আছে। তাদের উচিত, এ বিষয়ে উম্মুক্ত আলোচনা করা।"
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আজ বুধবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন গুপ্ত এ কথা বলেন।
তিনি আরও বলেন, "বিএনপি আলোচনা করতে চেয়ে আলোচনা করে না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে তাদের দলে পরস্পরবিরোধী লোক রয়েছেন। তারা ভুল করেছেন। এখনও সময় আছে তা সংশোধন করার।"
এছাড়া তিনি বলেন, "আগামী ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, আগামীতে কে ক্ষমতায় যাবে।"
মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।