প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আইনজীবিকে চড়-থাপ্পড় মারলেন 'মানেকা গান্ধী'
আন্তর্জাতিক ডেস্ক: এক আইনজীবিকে চড়-থাপ্পড় মারার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতের নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী। ধর্মেন্দ্র ভার্মা নামে এক আইনজীবি মানেকা গান্ধীর বিরুদ্ধে তাকে চড়-থাপ্পড় ও লাথি মারা এবং একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার এ সম্পর্কিত একটি অভিযোগ পুলিশে দায়ের করেন ওই আইনজীবি। তবে মানেকা গান্ধী তার বিরুদ্ধে আনীত ওই অভিযোগ সাফ অস্বীকার করেছেন।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভার্মা বলেন, বৃহস্পতিবার সকালে অফিস থেকে বের হয়ে দূর্গা পূজায় যোগ দিতে যাওয়ার সময় মানেকা গান্ধীর লোকেরা এসে তাকে প্রায় জোর করেই ধরে নিয়ে যায়। এরপর মানেকা গান্ধী তাকে একটি কক্ষে আটকে রেখে মারধোর করেন।
অভিযোগকারী আইনজীবি ভার্মা সমাজবাদী দলের একজন কর্মী। স্থানীয় সমাজবাদী পার্টির দুই নেতা হেমরাজ ও আনন্দ সিং যাদব মানেকা গান্ধীর এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেন এই ঘটনা থেকেই প্রমাণিত হয় গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি মানেকা গান্ধীর কোনই শ্রদ্ধাবোধ নেই।
তবে মানেকা গান্ধীর মুখপাত্র এমআর মল্লিক অভিযোগের সত্যতা পুরোপুরি অস্বীকার করে বলেন সস্তা প্রচারণা পেতেই ধর্মেন্দ্র ভার্মা এই অভিযোগ করেছেন।
