প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
লিবিয়া থেকে টাকা পাঠাতে পারছে না প্রবাসীরা
অনলাইন ডেস্ক: লিবিয়াতে সরকারি অফিস, স্কুল, কলেজ, ব্যাংক ও বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ফলে লিবিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন না প্রবাসী বাংলাদেশীরা।এ কারণে সচ্ছলতার আশায় যারা তাদের সন্তানকে বিদেশে পাঠিয়েছেন তারা অর্থকষ্টে পড়েছেন। এর পাশাপাশি নিরাপত্তার কথা ভেবে রয়েছেন দুশ্চিন্তায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী জানান, ত্রিপোলির সরকারি অফিস, স্কুল, কলেজ, ব্যবসা-বাণিজ্য ধীরে ধীরে খুলছে। ট্রাফিক জ্যাম হচ্ছে আগের মতো।
তবে বেনগাজি ও এর আশপাশের ওসাফানা এলাকায় এখনও থেমে থেমে যুদ্ধ হচ্ছে। বিভিন্ন ব্যাংক বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশীরা লিবিয়া থেকে টাকা পাঠাতে পারছেন না। এটা সাময়িক, শিগগিরই এ সমস্যা কেটে যাবে। দূতাবাসে কর্মরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতিদিন দূতাবাসে ২০-৩০ জন করে শ্রমিক তাদের সমস্যা নিয়ে আসছে। শ্রমিকদের এ মুহূর্তে বড় সমস্যা হচ্ছে তারা কেউ দেশে টাকা পাঠাতে পারছেন না। এ নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তাদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করা যায় দুয়েক দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে দেশটিতে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও বেনগাজির তবরুকে রয়েছে দু’টি সরকার। এ দুই সরকারের দু’জন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। দ্বৈত সরকার থাকায় বিপাকে পড়েছে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কোন সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাবেন এ নিয়ে ঝামেলার মধ্যে রয়েছেন তারা। ফলে নতুন করে দেশটিতে বাংলাদেশী শ্রমিক নিয়োগের সম্ভাবনা আপাতত নেই। ওদিকে লিবিয়ায় বসবাসরত বৈধ-অবৈধ শ্রমিক, চাকরিজীবী ও অন্য পেশায় নিয়োজিত বাংলাদেশী ও তাদের পরিবার প্রতি মুহূর্তে কাটছে মিসাইল, গুলি আর বন্দুকযুদ্ধ আতঙ্কে।