প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
দিনাজপুরে ১১৬৯টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন
বি২৪ নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরে আনন্দঘন প্রস্তুতি শুরু হয়েছে। এবছর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ১১৬৯টি মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের চাইতে এবার পূজা বেড়েছে ২২টি।
জেলা দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন জানান, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন মন্দিরে মন্দিরে চলছে রং তুলি আর দেবীর সাজসজ্জার কাজ।
জানা যায়, দিনাজপুর সদরে ১৪৭টি, পার্বতীপুর উপজেলায় ১৫৮টি, বীরগঞ্জে ১৪৫টি, চিরিরবন্দরে ১৩৩টি, খানসামায় ১০৮টি, কাহারোলে ৯৩টি, বিরলে ৯১টি, বোচাগঞ্জে ৮৪টি, নবাবগঞ্জে ৭৩টি, ফুলবাড়ীতে ৫৩টি, ঘোড়াঘাটে ৩৬টি, বিরামপুরে ৩২টি এবং সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে ১৬টি মন্ডপে এবার দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ নির্বিশেষে সকলে যেন পূজার আনন্দ উপভোগ করতে পারে সে জন্য বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মোঃ রুহুল আমিন তার সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে দুর্গা পূজার সময় সর্বোচ্চ সর্তকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আহ্বান জানান।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাম্মাদুল বাকী জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিনাজপুর জেলার পূজা মন্ডপের জন্য ৫৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। স্থানীয় ত্রাণ শাখা ইতোমধ্যে উপজেলায় পূজা মন্ডপের সংখ্যার ভিত্তিতে বরাদ্দপত্র তৈরির কাজ শুরু করেছে। সূত্রঃ বাসস।
