প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আটক জেএমবির ৭ সদস্যের ৪ দিনের রিমান্ড
আদালত প্রতিবেদক: গ্রেফতার হওয়া নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যের বিরুদ্ধে আলাদা দুই মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দু’টিতে ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়। ডিবি পুলিশের পরিদর্শক মোজম্মেল হক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার এ রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর তাসনিমসহ সাত সদস্যকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ভিভিআইপি ও ভিআইপিদের গাড়ি বহরে হামলা করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসতে চেয়েছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আটককৃতরা হলো নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) এবং আলী আহম্মেদ (২৪)।
আলোচনায় আসতে পারলে জেএমবির ঝিমিয়ে পড়া সদস্যদের উজ্জীবিত করা এবং সিরিয়ার আইএস জঙ্গিদের সহানুভূতি পাওয়ার জন্যই এই পরিকল্পনা করে তার বাস্তবায়নে কাজ করছিল। বর্তমানে জেএমবির প্রধান আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদকে এ লক্ষ্যেই পলাতক জঙ্গিরা নানা পরামর্শ দিয়ে আসছিল। স্কুল বিশ্ববিদ্যালয়ে জেএমবির আলাদা ইউনিট খুলতেও তারা কাজ করছিল এবং ময়মনসিংয়ের মতো জঙ্গি ছিনতাইয়েরও ছক আঁটছিলো তারা।
উল্লেখ্য, আটকদের মধ্যে মাহমুদ ইবনে বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর সিকান্দার আলী ওরফে নকি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নকিকে ব্লগার রাজিব হায়দার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় সেই সময় তাকে গ্রেফতার করা হয়নি।