প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
অশ্রুসিক্ত নয়নে দেবী বিসর্জন
নিজস্ব প্রতিবেদক: 'বল দুর্গা মা কি- জয়' ধ্বনিতে মুখরিত চারিদিক। সাথে সাথে চলছে উলুধ্বনি। একটানা বেজেই চলেছে ঢাক। এই ভাবে চলেছে মা দুর্গার বিসর্জন। অনেক ভক্তের আবার মন খারাপ দেবী বিসর্জনে। তারা অশ্রু শিক্ত নয়নে দেখছে মা দুর্গার বিসর্জন। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহানগর সার্বজনীন পূজা কমিটি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩২টি প্রতিমা নিয়ে ৭২টি ট্রাকে ভক্তরা রাজধানীর পলাশী মোড়ে জড়ো হওয়ার পর বিকেল ৫টায় ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, নবাবপুর রোড হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
গত মঙ্গলবার ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ ও বরণ পালা শেষে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। দেবী থেকে মায়ে পরিণত হন দুর্গা। শুরু হয়ে যায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ষষ্ঠী থেকে পাঁচদিন যেন চোখের পলকে কেটে যায় বাঙালি হিন্দুধর্মালম্বীদের শারদীয় উৎসব।
বুধবার সব অশুভ শক্তিকে শোধন করে সবকিছু শুদ্ধে পরিণত করার মধ্য দিয়ে শুরু হয়, মহাসপ্তমী। বৃহস্পতিবার মহাষ্টমীতে দেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে ভক্তরা দেবীকে পূজা করেন। শুক্রবার শাস্ত্রীয় ও লগ্ন অনুযায়ী মহানবমী ও মহাবিজয়া একই দিনে পড়ে যায়।
