প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ষোড়শ সংশোধন বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে এটি আইনে পরিণত হলো।সোমবার রাষ্ট্রপতি এই বিলে সই করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে পাস হয় ষোড়শ সংবিধান সংশোধন বিল-২০১৪। এ বিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ, যা ১৯৭২ সালের সংবিধানেই ছিলো।
পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে বিধানটি বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এই ক্ষমতা দেওয়া হয়।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এ আইনের ফলে ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণ করতে পারবে সংসদ, যে ক্ষমতা স্বাধীনতার পর চারবছর পর্যন্ত আইন প্রণেতাদের হাতেই ছিল। এর ফলে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি আর থাকছে না।
ষোড়শ সংশোধনী অনুযায়ী, বিচারপতি অপসারণের ক্ষেত্রে তাদের ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অবিযোগ তদন্ত ও প্রমাণের বিষয়ে আলাদা একটি আইন করা হবে, যা আগামী তিন মাসে হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন আইনমন্ত্রী।