প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
যার জন্য করি চুরি সেই বলে চোর
স্থানীয় প্রতিনিধি: রাজশাহীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখায় তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশেই নোটিশ পাঠানো হয়েছে। দুই শিক্ষক হলেন- উপজেলার হাবিবপুর আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহফুজুল হক ও নন্দনগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজজ্জামান।
তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রোববার বিকালে দুই প্রধান শিক্ষককে নোটিস দেয়া হয়েছে বলে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
রাসেল সাবরিন জানান, শনিবার দুপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বিষয়টি প্রশাসনকে জানানো হয়নি।
এভাবে বাচ্চাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা এখন বেআইনি। বিষয়টি প্রতিমন্ত্রী আমাকে জানিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। রোববার ওই দুই শিক্ষককে শোকজ করে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
