প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কোরবানীর পরেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ চুড়ান্ত করতে চতুর্থ উপজেলা পরিষদের
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদ-উল-
আজহার পর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার নির্বাচন কমিশন সুত্রে এ তথ্য
জানাগেছে।
ইসি সূত্র জানায়, ইতোমধ্যে সীমানা নির্ধারণসহ নানাবিধ জটিলতা নিরসন করেছে
ইসি। বেশ কয়েকবার চিঠি দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে ৫২টি
জেলার সীমানা ও এলাকা নির্ধারণের গেজেট হাতে পেয়েছে ইসি। এখনও বাকি ১২
জেলার গেজেট। নির্বাচনের আগে ইসির হাতে এসব গেজেটের কপি পৌঁছবে বলে আশা করা
হচ্ছে।
সব কিছু ঠিক থাকলে ঈদের পরপর নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।
এদিকে সংরক্ষিত নারী আসনে ধাপে ধাপে নির্বাচন করার থাকলেও এখন নির্বাচনে
চলমান সহিংসতার কথা বিবেচনায় এক দিনেই করার পরিকল্পনা করছে ইসি। এটা সম্ভব
না হলেও বিভাগীয় ভিত্তিতে করা হতে পারে বলে জানিয়েছে ইসি সূত্র।
এবার নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দেড় হাজার নারী জনপ্রতিনিধি হওয়ার সুযোগ
পাচ্ছেন। বিধান অনুযায়ী পরোক্ষ ভোটের মাধ্যমে এ জনপ্রতিনিধি নির্বাচন করা
হবে।
বিধিমালায় সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও আইনি জটিলতার
কারণে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনের আয়োজন করতে পারেনি ইসি। ফলে
তারা বঞ্চিত ছিলেন।
বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা
তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের নারী সদস্য হিসেবে
নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোর
মোট নারী সদস্যের এক তৃতীয়াংশ।
এছাড়া উপজেলাতে ১২টি ইউনিয়ন ও পৌরসভা থাকলে উপজেলায় নারী সদস্যদের জন্য
সংরক্ষিত আসন হবে ৪টি। ইউপি/ পৌরসভার সংরক্ষিত নারী আসনের সদস্যরাই
সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার এবং প্রার্থী হতে
পারবেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনে তফসিল আকারে অন্তর্ভুক্ত উপজেলার
সংখ্যা ছিল ৪৮০টি। তবে ২০০৯ সালে তা বাড়িয়ে ৪৮১টি করা হয়। পরে ২০১১ সালে
আইনটি সংশোধন করা হয়।