Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এফ-গ্রুপের খেলায় ফরাসি দল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। চলতি মৌসুমে এটি লুই এনরিকের দলের জন্য প্রথম ম্যাচ হারার স্বাদ।


ম্যাচের ৬৯ মিনিটের পরে যখন মাঠে নামলেন জাভি হারনান্দেজ তখন রাউল গঞ্জালেজের রেকর্ড ভেঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি (১৪৩ ম্যাচ) একার করে নিয়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। কিন্তু এমন রেকর্ডের রাতে হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি জাভি; ম্যাচ হারার গ্লানি সঙ্গী হয়েছে তার দল বার্সেলোনার।

জ্লাতান ইব্রাহিমোভিচ দলে ছিলেন না ইনজুরি কারণে। কিন্তু তাই বলে নিজ মাঠে বার্সেলোনার বিপক্ষে গতিময় ফুটবল উপহার দিতে একটুও সমস্যা হয়নি পিএসজির। ম্যাচের ১০ মিনিটেই ব্রাজিলিয়ান ফুটবলার ডেভিড লুইর গোলে এগিয়ে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা। অবশ্য এ গোল শোধ করতে মাত্র ২ মিনিট সময় নিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির গোলে ১২ মিনিটে সমতায় ফিরেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির ৬৮তম গোল।

আক্রমণ-পাল্টা আক্রমণের ধারায় ২৬ মিনিটে ভেরাত্তির গোলে ফের এগিয়ে গেছে পিএসজি। বিরতি পর্যন্ত স্বাগতিক দলটি এগিয়ে থেকেছে ২-১ গোলে।

বিরতির পর খেলার শুরুর খানিক সময় পরেই (৫৪ মিনিটে) ৩-১ গোলে এগিয়ে গেছে পিএসজি। এবারে গোল করেছেন মাতুইদি। ৫৬ মিনিটে বার্সাকে গোল উপহার দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (৩-২)। এই গোলের পর নতুন করে ম্যাচে রোমাঞ্চ ভর করেছে। গোল করার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে দুই দলই। শেষ অবধি ৩-২ গোলে ম্যাচ জিতেছে পিএসজি। বার্সার আক্রমণ ভাগের দুই প্রধান অস্ত্র মেসি-নেইমারকে কড়া মার্কিংয়ে রাখার সুফল ভোগ করেছে ফরাসি দলটি। গোল পেলেও ম্যাচে খুব বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে খেলতে পারেনি মেসি-নেইমার জুটি।

এই ম্যাচ হারায় ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেছে বার্সেলোনা। অন্যদিকে, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। প্রথম ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সের সঙ্গে ম্যাচ ড্র করেছিল ফরাসিরা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১২:২৪ PM . বিভাগঃ .

0 comments for " চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ বার্সেলোনার "

Leave a reply

    আর্কাইভ