প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
জামালপুরে গুঠাইল হার্ডপয়েন্টের আরও ১০০ মিটার ভাঙ্গন
স্থানীয় প্রতিনিধি: আবার যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইলবাজার হার্ডপয়েন্টের বিরাট অংশ জুড়ে আবারও ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার হার্ডপয়েন্টের আরও ১০০ মিটার যমুনায় বিলীন হয়। এতে এলাকাবাসীর মাঝে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।এর আগে, চলতি বছর জুলাই মাসে হার্ডপয়েন্টের প্রায় ৫০ মিটার বিলীন হয়। এ সময় জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ট্রেক্সে বালু ভর্তি করে ডাম্পিং করে অনেকাংশে ভাঙনরোধ করে। শুক্রবার দুপুরে আবার হঠাৎ ভাঙন শুরু হয়। মুহুর্তের মধ্যে হার্ডপয়েন্টের প্রায় ১০০ মিটার ধসে যায়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এবং জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, হার্ডপয়েন্টটি দীর্ঘদিন ধরে একশ্রেণীর অবৈধ দখলদার দখলে নিয়ে লোহার নেট, ইট, বোল্ডার অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আবার হার্ডপয়েন্টটি নির্মাণের পর থেকে এক প্রভাবশালী ব্যক্তি বিশাল এলাকাজুড়ে নদী থেকে অবৈধ পন্থায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছেন। এছাড়া বাঁধের উপর বসবাসকারীরা হার্ডপয়েন্টের ইট, কংক্রিট, বোল্ডারসহ মূল্যবান সামগ্রী তুলে নিয়ে যাওয়ার কারণে এর স্থায়িত্ব নষ্ট হয়ে অনেকটাই বিপজ্জনক হয়ে পড়ছে। ফলে বারবার হার্ডপয়েন্টটি দেবে যাচ্ছে।