প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
'হরতাল বানচাল করতে সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে' : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ২০ দলের ডাকা সোমবারের হরতাল বানচাল করতে সরকার সারা দেশে বিরোধী নেতাদের গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারা দেশে গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে মির্জা আলমগীর বলেন, আজ বাগেরহাটে বিএনপি নেতা আজাহার মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাইউল শেখসহ ৫ জন, খুলনার ফুলতলা উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পারভেজ ভূঁইয়া, চালনা কলেজ ছাত্রদল সভাপতি জিএম সুমনসহ ৬ জন, মাগুরায় বিএনপি নেতা বাচ্চু শেখ, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলী, তুষার আহমেদ, মনিরুল ইসলাম, মো. মোস্তফা, তোরাব আলীসহ ১১ জন, নোয়াখালীতে ছাত্রদল নেতা হারুন, নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মো. মাসুদ, বিএনপি নেতা ফারুক আহমেদসহ ১০ জন, ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মুন্সীগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন আহমেদ, নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শাহজাহান, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল সভাপতি সাদেকুর রহমানসহ ৯ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
মির্জা আলমগীর বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদ কর্তৃক পাশের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, নির্যাতনের মাত্রা যতই বাড়বে বিরোধী দলীয় নেতা-কর্মীরা ততই সুসংগঠিত হয়ে চলমান আন্দোলন আরও বেগবান হবে। স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের বিজয় অর্জিত হবেই হবে।
দেশবাসীকে শান্তিপূর্ণভাবে আগামীকালের হরতাল পালনের আহ্বান জানান মির্জা আলমগীর।
