প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
হোয়াইট হাউজের নিরাপত্তা নিয়ে ব্যাপক পর্যালোচনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজের নিরাপত্তা নিয়ে ব্যাপক পর্যালোচনা শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। বিনা বাঁধায় নিরাপত্তা বেড়া টপকে হোয়াইট হাউজ চত্বরে জনৈক বহিরাগতের ঢোকাকে কেন্দ্র করে এ পর্যালোচনা শুরু হয়েছে বলে সিক্রেট সার্ভিসের ঘোষণায় বলা হয়েছে।
অবশ্য লক্ষণীয় যে, এ ঘোষণা দেয়ার দিনটিতে দ্বিতীয় আরেক বহিরাগত হোয়াইট হাউজ চত্বরে অল্প সময়ের জন্য গাড়িসহ ঢুকে পড়তে সক্ষম হয়।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দফতর হোয়াইট হাউজকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ স্থানগুলোর অন্যতম হিসেব বিবেচনা করা হয়। গত শুক্রবার এক ব্যক্তি বিনা বাঁধায় বেড়া টপকে হোয়াইট হাউজ ভবনে ঢুকে পড়তে সক্ষম হয়। পরে হোয়াইট হাউজের নর্থ পোরটিকোর দরজার কাছে তার গতিরোধ করা হয়।
প্রেসিডেন্ট বারাক ওবামা বা তার পরিবারের সদস্যরা এ সময়ে হোয়াইট হাউজে ছিলেন না। বহিরাগত ঢোকার কয়েক মিনিট আগেই তারা হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ত্যাগ করেন।
অবশ্য বহিরাগতের ঢোকাকে কেন্দ্র করে হোয়াইট হাউজের কর্মকর্তা ও সেখানে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত সাংবাদিকদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয় এবং তারা দ্রুত বের হয়ে আসেন।
এদিকে, চলতি মাসের ১১ তারিখে হোয়াইট হাউজ চত্বরে পোকিমনের মুখোশধারী এক ব্যক্তি ঢুকে পড়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে হোয়াইট হাউজের সব প্রবেশ পথ এক ঘণ্টার কিছু কম সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। সূত্রঃ রেডিও তেহরান।

