প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শক্তিশালী ঝড় 'ফাং-ওং' এর কবলে তাইওয়ান
আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মম-লীয় ঝড় ফাং-ওং রোববার তাইওয়ানে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। এতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৮ হাজার সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়াও মাছ ধরার নৌযানগুলোকে বন্দরে থাকতে বলা হয়েছে। খবর এএফপি’র।
কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসে যে পথের কথা বলা হয়েছিল ঝড়টি সেখান থেকে দিক পরিবর্তন করে পূর্ব দিকে স্থানীয় সময় সকাল প্রায় ১০টায় (গ্রিনিচ মান সময়০২০০) দ্বীপের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।
ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া বইছে। ঝড়ো বাতাসের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং দক্ষিণ উপকূলে বড় বড় ঢেউ আছড়ে পড়ে। এতে আতঙ্কিত পর্যটক ও তীরে অবস্থান করা মানুষ জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেন্টিং ছেড়ে অন্যত্র চলে যায়।
ব্যুরো জানায়, ঘন্টায় ৯০ কিলোমিটার (৫৬মাইল) বেগের ঝড়টির প্রভাবে ৬০ সেন্টিমিটার (২৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়। ঝড়টি উত্তর-উত্তরপূর্বের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়ার ব্যুরোর পূর্বাভাসে বলা হয়, ‘প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সৃষ্টি হতে পারে। তাই মানুষকে পার্বত্য এলাকা থেকে সরে আনা উচিত।’ কর্তৃপক্ষ ভূমিধস প্রবল এলাকা থেকে ১ হাজার ২শ জনের বেশি লোককে অন্যত্র সরিয়ে এনেছে।
উল্লেখ্য, ঝড়ের কারণে মোট ৫৭টি অভ্যন্তরীণ ও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
