প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো কেকেআর
স্পোর্টস ডেস্ক: সেই আইপিএল থেকে জয়ের রথ যেন থামছেই না কেকেআরের। রেকর্ড টানা ১২ ম্যাচ অপরাজিত কলকাতা নাইট রাইডার্স। শুরুর দিকের মন্থর ব্যাটিংয়ে কাজটা কঠিন হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে সূর্যকুমার যাদবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ হাসি হাসলো আইপিএল চ্যাম্পিয়নরাই। পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে তারা।চ্যাম্পিয়ন্স লিগে এটি কলকাতার টানা তৃতীয় জয়। অন্য দিকে অস্ট্রেলিয়ার দল পার্থের দুই ম্যাচে প্রথম পরাজয়।
বুধবার হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে পার্থ।
সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যাডাম ভোগেস। তার ৫২ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়। অধিনায়কের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পথে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেইগ সিমন্স।
অস্ট্রেলিয়ার দলটির সাতটি উইকেট ভাগ করে নেন দুই স্পিনার সুনিল নারাইন ও কুলদিপ যাদব। অফস্পিনার নারাইন ৪ উইকেট নেন ৩১ রানে। আর ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার কুলদিপ ২৪ রানে নেন ৩ উইকেট। জবাবে দুই বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
রবিন উথাপ্পার ২৩, মনিশ পান্ডের ২৪ রানের পরও ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ছিল ৮৭/৪। শেষ ৬ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ৬৫ রান।
সূর্যকুমারের তাণ্ডবে সেই লক্ষ্যে পৌঁছতে কোনো সমস্যা হয়নি কলকাতার। মাত্র ১৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসটি ১টি চার ও ৪টি ছক্কায় গড়া। পার্থের ইয়াসির আরাফাত ৩ উইকেট নেন ৩৯ রানে।