প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নিরপেক্ষভাবে সত্য উপস্থাপন করাই সাংবাদিকের দায়িত্ব
নিজেস্ব প্রতিবেদক: নিরপেক্ষভাবে সত্য উপস্থাপন করাই সাংবাদিকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, অপরাধের সত্য খবর প্রকাশ করা ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব। অপরাধীকে চিহ্নিত করা নয়। রাজধানীর ডিআরইউ-সাগর রুনী মিলনায়তনে আয়োজিত ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী আজ একথা বলেন।
তিনি বলেন, পুলিশের সাথে সাংবাদিকদের পার্থক্য হলো পুলিশ অপরাধী ধরতে যায়। তারা প্রাথমিক খবরের ভিত্তিতে অপরাধী নিশ্চিত না হয়ে ও তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত সাংবাদিকরা তাদের অপরাধী বলতে পারেন না। তারা জনগণের জন্য ঘটনার নিরপেক্ষ সত্য উপস্থাপন করতে পারেন।
তথ্যমন্ত্রী বলেন, অপরাধের ঘটনা বর্ণনার সময় অপরাধীদের নাম প্রকাশের আগে পুলিশের সাথে মিলিয়ে নিতে হবে। নাহলে অপরাধ সম্পর্কে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একটি অপরাধের ঘটনার বিভিন্ন রকম বর্ণনা সমাজ ও রাষ্ট্রকে বিভিন্নভাবে প্রভাবিত করে। একজন হিন্দু ও মুসলিমের ব্যক্তিগত কলহকে যদি কোন সাংবাদিক সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে উপস্থাপন করেন তাহলে তা থেকে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেতে পারে। একইভাবে হরতালের খবরে কোন রিপোর্টার যদি ‘ উত্তরায় একটি বাস এবং যাত্রাবাড়িতে একটি সিএনজিতে আগুন’ না লিখে যদি লেখেন, ‘ হরতালে রাজধানীতে পরিবহনে আগুন’ তাহলে এই খবরে জনমনে আতংক সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে সাংবাদিকের পেশাগত দক্ষতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
